ডেস্ক রিপোর্ট ::
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন কক্সবাজারে একদিনের গুরুত্বপূর্ণ সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এ সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন, প্রশাসনিক ও জনসম্পৃক্ত মোট ১১টি কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে কক্সবাজার জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ভেন্যুতে সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র জানায়, সফরের শুরুতেই প্রধানমন্ত্রী জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেবেন এবং তাদের প্রতি সরকারের সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেবেন।
এছাড়া প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলার প্রশাসনিক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচিতে চকরিয়ায় একটি বৃহৎ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সেখানে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন। জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কক্সবাজার অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত পরিদর্শন করবেন এবং মেরিন ড্রাইভ সড়কের চলমান ও সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
দিনের শেষভাগে প্রধানমন্ত্রী জেলার বিশিষ্ট নাগরিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন। সেখানে কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন, পর্যটন শিল্পের প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, প্রধানমন্ত্রীর এ সফর কক্সবাজারের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে স্থানীয় সরকার, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন খাতের বিকাশে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র : প্রথম আলো

