নিজস্ব প্রতিনিধি, উখিয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাখালপাড়ায় একই পরিবারের ছয়জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশের পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির নেতারা।
মঙ্গলবার (২৬ মে) দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নজরে আসে। পরে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পরিবারটির খোঁজখবর নেন। একইদিন বিকেলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী পরিবারটির বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
নেতৃবৃন্দ পরিবারটির চিকিৎসা, পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন,
“সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির খোঁজ নিতে এসেছি। একই পরিবারের এতজন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের কষ্ট সত্যিই হৃদয়বিদারক। বিএনপি পরিবারটির পাশে থাকবে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন,
“একই পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে কষ্টে জীবনযাপন করছেন। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে এবং পরিবারটিকে সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।”
এর আগে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পরিবারের সদস্য আরমান (২৫), জিহাদ (২৩), মাইমুন হাসান (১৯), আফিফা জান্নাত রিফা (৮), জামাল উদ্দিন (৫৫), সমাজসেবা বেগম এবং ছমুদা গেমন (৯০) দীর্ঘদিন ধরে দৃষ্টিপ্রতিবন্ধিতার কারণে চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন। পরিবারের দাবি, একই সমস্যায় আক্রান্ত হয়ে এর আগে আরও দুই সদস্য মৃত্যুবরণ করেছেন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিবারটির বিষয়টি পুনরায় পর্যালোচনার কথা জানানো হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পরিবারটির সার্বিক অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

