হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ সাংবাদিক কার্ডধারী ব্যক্তি আটক

Ukhiyacox News
By -


 

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার ::

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার (৫৬) বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশির জন্য সংকেত দেন। এসময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী” তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।

বিজিবির দাবি, মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং কর্তব্যরত সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে তিনি জোরপূর্বক গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ের দুটি আইডি কার্ডও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। আটককৃত আনোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !