ডেস্ক রিপোর্ট ::
ঈদুল আজহার আনন্দের দিনেই দেশের দুই জেলায় পৃথক ঘটনায় কোরবানির মাংস গলায় আটকে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে জামালপুরের ইসলামপুর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।
জামালপুরের ইসলামপুর উপজেলায় গলায় মাংস আটকে মো. ইয়াসিন হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ ইয়াসিনের গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।
এদিকে একই ধরনের আরেক ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় আঁখি (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় তার গলায় কোরবানির মাংস আটকে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঈদের আনন্দঘন দিনে এমন দুটি মর্মান্তিক ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

