উখিয়া প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন অস্থায়ী পশুর হাটে জমে উঠেছে গরু-মহিষ বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা এসব হাটে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় দেখা গেলেও সবচেয়ে বেশি আলোচনা এখন অতিরিক্ত হাসিল আদায় নিয়ে।
অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত সীমার বাইরে গিয়ে বিভিন্ন পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, উখিয়ার মরাগাছতলা বাজারে ক্রেতাদের কাছ থেকে ৫০০ টাকা এবং বিক্রেতাদের কাছ থেকে ১ হাজার টাকা পর্যন্ত হাসিল নেওয়া হচ্ছে। একইভাবে বালুখালী কাস্টমস বাজারে ক্রেতার কাছ থেকে ৭০০ টাকা ও বিক্রেতার কাছ থেকে ১ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে টিভি টাওয়ার বাজারে ক্রেতাদের কাছ থেকে ১ হাজার টাকা এবং বিক্রেতাদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।
ক্রেতা ও বিক্রেতাদের দাবি, কয়েকদিনের অস্থায়ী পশুর হাটকে কেন্দ্র করে যেন প্রকাশ্যে “পকেট কাটার উৎসব” চলছে। গরুর দাম বেশি হওয়ার পাশাপাশি অতিরিক্ত হাসিলের চাপ তাদের ওপর নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে।
একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গরু কিনতেই হিমশিম খেতে হচ্ছে। তার ওপর আলাদা করে এত টাকা হাসিল দিতে হচ্ছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই।”
একজন বিক্রেতা বলেন, “দূর-দূরান্ত থেকে গরু এনে বাজারে বসতে হয়। বিক্রি হোক বা না হোক, মোটা অঙ্কের হাসিল দিতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা, খরচই উঠানো কঠিন হয়ে যাচ্ছে।”
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, অস্থায়ী বাজারে যদি ইচ্ছেমতো হাসিল আদায় চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বাজার ইজারাদারদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত মনিটরিং না থাকায় পরিস্থিতি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। তাদের মতে, ঈদকে কেন্দ্র করে মানুষের ধর্মীয় অনুভূতি ও প্রয়োজনকে পুঁজি করে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

