সাইদুল ইসলাম টেকনাফ ::
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় জেলেরা জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় তারা উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। কিছুক্ষণ পরই মায়ানমারের ভেতর থেকে শতাধিক গুলির শব্দ ভেসে আসে। আতঙ্কিত হয়ে তারা দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে ফিরে যান।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্তের ওপারে আরাকান আর্মি ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সম্ভাব্য গোলাগুলির ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সেখানে প্রায়ই এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে।

