কক্সবাজার শহর ও টেকনাফে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত-৩

Ukhiyacox News
By -



আহসান সুমন, কক্সবাজার : 

কক্সবাজার শহর ও টেকনাফে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে শহরের বিজিবি ক্যাম্প অটোরিকশা ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহীসহ দুইজন এবং টেকনাফের মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়।

বৃহস্পতিবার সকাল ও দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে। 

নিহতরা হল-শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটর সাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮) ও বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারি মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখি একটি দ্রুত গতির মোটর সাইকেল এক পথচারীকে ধাক্কায় দেয়। এতে মোটর সাইকেল আরোহীও গাড়ী থেকে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়। 

পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় টেকনাফমুখি একটি মোটর সাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধ নিহত হয় বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটক মোটর সাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিল। পথিমধ্যে মারিশবুনিয়া এলাকায় পৌঁছলে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার পর মোটর সাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়ীটি জব্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক দুর্জয় বিশ্বাস। 

কক্সবাজর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !