শহিদুল ইসলাম (প্রতিবেদক) :
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন পদ্ধতিতে খাদ্য সহায়তা কমে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার (১ এপ্রিল) থেকে পরিবারভিত্তিক তিন ক্যাটাগরিতে মাসিক সহায়তা ৭, ১০ ও ১২ ডলারে নির্ধারণ করা হয়েছে, যা আগে সমানভাবে ১২ ডলার ছিল।
ক্যাম্পবাসীরা বলছেন, সহায়তা কমে যাওয়ায় খাদ্যসংকট, অপুষ্টি এবং নিরাপত্তাঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বড় পরিবারের সদস্যদের জন্য ৭ ডলারের সহায়তা দিয়ে মাস চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই অভিযোগ করছেন, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কমে যাওয়ায় এখন বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছেন।
বাসিন্দারা জানান, আগে চাল, ডাল, তেল, চিনি, মসলা—সবই পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও বর্তমানে অনেক ক্ষেত্রে শুধু চাল ও সামান্য তেলেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে উঠেছে।
এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানায়, আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় ‘নিড-বেসড’ বা প্রয়োজনভিত্তিক এই পদ্ধতি চালু করা হয়েছে। বর্তমানে সীমিত সম্পদের মধ্যেই সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, খাদ্য সহায়তা কমানোর প্রতিবাদে মঙ্গলবার (৩১ মার্চ) টেকনাফের ২৪ নম্বর ক্যাম্পে মানববন্ধন করেছেন রোহিঙ্গারা।

