নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী সীমান্তের পিলার ১৮ সংলগ্ন কাটাখাল এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে ভারি বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

