ডেস্ক রিপোর্ট :
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রিসান, আরফাত ও সানি একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিসান ও আরফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সানি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আরফাত দরগাহ স্টেশন এলাকার বাসিন্দা এবং রিসান ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

