ঢাকা থেকে টেকনাফ-পঞ্চগড় রুটে ভাড়া বেড়েছে উল্লেখযোগ্য হারে

Ukhiyacox News
By -


 

নিউজ ডেস্ক ::

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে দূরপাল্লার বাসভাড়া বৃদ্ধি করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে কিলোমিটার প্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন রুটে বাসভাড়া গড়ে ১৫ থেকে ৬৫ টাকা পর্যন্ত বেড়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণে একটি নির্দিষ্ট সূত্র অনুসরণ করা হচ্ছে। প্রতি কিলোমিটার ভাড়া, রুটের মোট দূরত্ব এবং ৫১ সিটের বাসের হিসাব ধরে তা ৪০ সিটে সমন্বয় করে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হয়। রুটভিত্তিক দূরত্ব নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), সেতু কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট টোল ও ফেরির তালিকা বিবেচনায় নিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ হিসাব চূড়ান্ত করে।

বিআরটিএর সর্বশেষ হিসাব অনুযায়ী, ঢাকা থেকে দেশের উত্তর প্রান্ত পঞ্চগড় রুটে (৪২৪ কিমি) ভাড়া ৬০ টাকা বেড়ে ১,২৪০ টাকা হয়েছে। একইভাবে দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ রুটে (৪৬২ কিমি) ভাড়া ৬৫ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৩৩৫ টাকা।

এ ছাড়া বিভাগীয় শহরগুলোতেও ভাড়া বৃদ্ধি পেয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া ৩৪ টাকা বেড়ে ৭০৪ টাকা, ঢাকা-রাজশাহী রুটে ৩৮ টাকা বেড়ে ৭৩৮ টাকা এবং ঢাকা-খুলনা রুটে ৩০ টাকা বেড়ে ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-বরিশাল রুটে ভাড়া বেড়ে ৫৯১ টাকা, ঢাকা-সিলেট রুটে ৭৪০ টাকা এবং ঢাকা-রংপুর রুটে ৯১১ টাকা হয়েছে।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ভাড়া ১৫ টাকা বেড়ে ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রিয় ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া ৫৭ টাকা বৃদ্ধি পেয়ে ১,১৪৭ টাকা হয়েছে। ঢাকা-কুমিল্লা রুটে ভাড়া বেড়ে ৩০৬ টাকা এবং ঢাকা-বগুড়া রুটে ৫৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের দীর্ঘতম দিনাজপুর-টেকনাফ রুটেও ভাড়া বৃদ্ধি পেয়েছে। ৮৪৪ কিলোমিটার দীর্ঘ এ রুটে ভাড়া ১১৭ টাকা বেড়ে ২,৪৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এই ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ পড়বে বলে আশঙ্কা করছেন অনেকে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !