নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে নিউজিল্যান্ডের এক পর্যটক পরিবারের ওপর অতর্কিত হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। পরে দ্রুত অভিযান চালিয়ে তাদের জীবিত উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৮ এপ্রিল) রাতে সোনাদিয়া চরে অবস্থানকালে দুষ্কৃতিকারীরা পর্যটক পরিবারটির ওপর হামলা চালায়।
খবর পেয়ে কোস্টগার্ডের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনিসহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে এবং লুট হওয়া বেশিরভাগ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করে। তবে অভিযানের সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

