নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদুর শুক্কুরের স্ত্রী। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, প্রাথমিকভাবে ধর্ষণ বা ধর্ষণচেষ্টার আলামত মিলেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের দাবি, সাহরির সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে হামলা চালায়। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।
পুলিশ জানায়, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

