নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর হাসপাতালে সন্তানকে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়া চারদিন পর লিফটের নিচ থেকে উখিয়ার এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কোহিনূর আক্তার (৩০) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসে ওষুধ আনতে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
স্বজনরা টানা তিনদিন হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের চারদিন পর সদর হাসপাতালের লিফটের নিচে মরদেহ পাওয়া যায়।
ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

