বিশেষ প্রতিবেদক :
কলাতলীর এলপিজি স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত আবু তাহের (৪৫)-এর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কক্সবাজার-এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আজ (সোমবার) রাতেই মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের বড় ছেলে মো. সোহেল।
রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার পর প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়; অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন. আলমের মালিকানাধীন একটি এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আবু তাহেরসহ অন্তত ১০ জন দগ্ধ হন।
নিহত আবু তাহের পেশায় সিএনজি চালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

