প্রতিবেদনক : মোহাম্মদ আব্দুল্লাহ
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লবণের মাঠ এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন (সি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। অভিযানের সময় পাচারকারীরা রুট পরিবর্তন করলে ধাওয়া চালিয়ে চৌধুরী পাড়া খালের উত্তর পাশ থেকে মাদকভর্তি বস্তা জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি করে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও উপকূলীয়–সীমান্তবর্তী এলাকাকে মাদকমুক্ত রাখতে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

