উখিয়ার পালংখালীতে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৩ জন আটক

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক ;

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি একনালা বন্দুক, ১টি ওয়ান শুটার, ১টি হ্যামার, ২টি চাপাতি, ২টি ওয়াকিটকি সেট, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৬৯ রাউন্ড একে-২১-এর গুলি, ৩টি কার্তুজ এবং ১৩ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে নুরুল আমিন (৩২), একই ইউনিয়নের রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম (৩৫) এবং কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা (২৬)।

অভিযান শেষে আটক তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !