নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী—যে কেউ অপরাধ করলে তার বিচার নিশ্চিত করা হবে।” শফিকুর রহমান আরও উল্লেখ করেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে এবং ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের জনগণ নতুন বাংলাদেশ অভ্যুদয় ঘটাবে।
তিনি দেশের যুবসমাজকে উদ্দীপিত করে বলেন, “তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।” জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি কক্সবাজারের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ন্যায়ভিত্তিক নেতৃত্বের তাগিদ দেন।
জামায়াত আমির নির্বাচনের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ এবং মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনের প্রতীক।”
মহেশখালীর জনসভায় তিনি প্রকাশ করেন, “আমরা জামায়াতের বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। প্রকৃত বিজয় তখনই সম্ভব, যখন সকলের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া হবে।” সভার আনুষ্ঠানিক সূচনা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয় এবং জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

