নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘদিন ধরে শিশু ও যুব উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ‘উখিয়া উপজেলা শিশু ও যুব ফোরাম’ যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করেছে। নিবন্ধনের পর সংগঠনটি নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় এবং এর নতুন নামকরণ করা হয় ‘লাইট ফর লাইফ ইয়ুথ অর্গানাইজেশন’।
সম্প্রতি সংগঠনটি তাদের নিবন্ধন সনদ গ্রহণ করে। নেতৃবৃন্দ জানান, এই অর্জন শুধুমাত্র একটি সনদ নয়, বরং দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ, ঐক্য ও ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও ধৈর্য ও অটল বিশ্বাসের মাধ্যমে সংগঠনটি এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে সক্ষম হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘উখিয়া উপজেলা শিশু ও যুব ফোরাম’ নামেই তারা পূর্বে কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন নাম ‘লাইট ফর লাইফ ইয়ুথ অর্গানাইজেশন’ সংগঠনের লক্ষ্য ও আদর্শকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে—যার উদ্দেশ্য সমাজে আলো ছড়ানো, আশার সঞ্চার করা, যুবসমাজকে সচেতন ও দক্ষ করে গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা।
নিবন্ধন প্রাপ্তির ফলে সংগঠনটি এখন যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা, মানবিক কার্যক্রম ও নেতৃত্ব বিকাশে আরও সংগঠিত, দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করার সুযোগ পাবে।
এই সাফল্যে সহযোগিতা ও সমর্থন প্রদানকারী সকল ব্যক্তি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

