ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজার সফর করবেন। সফরকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।
শুক্রবার সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দমনে হুমকি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অপপ্রচারের জবাব হিসেবে কক্সবাজারের জনসভায় পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
জনসভায় জেলার চারটি আসনের জামায়াত প্রার্থীরা উপস্থিত থাকবেন এবং নয় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা অংশ নেবেন। জামায়াত আমিরের আগমন জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং চারটি আসনেই বিজয় নিশ্চিত হবে বলেও দাবি করেন তিনি। জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে বলে জানানো হয়।

