মায়ানমার সীমান্তে বড় ইয়াবা পাচার ব্যর্থ টেকনাফে বিজিবির হাতে জব্দ ২ লাখ পিস

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে নাফ নদী সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং সীমান্তবর্তী আশিকানিয়া এলাকায় পরিচালিত অভিযানে নদীতে ভাসমান অবস্থায় বিশেষ কায়দায় মোড়ানো চারটি পলিব্যাগ থেকে মোট ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মায়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন সংবাদের প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি-এর পরিকল্পনা ও নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোর সাড়ে চারটার দিকে থার্মাল ক্যামেরায় নাফ নদীতে একটি নৌকায় চারজন ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে অগ্রসর হতে দেখা গেলে বিজিবি নৌযান নিয়ে ধাওয়া শুরু করে। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় ইয়াবার চালান উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে মাদক ও মানব পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !