নিজস্ব প্রতিবেদক :
টেকনাফে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাসহ তিনজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফের নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকি-টকি সেট, ৪৭ রাউন্ড তাজা গোলা ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে রয়েছে সাংবাদিকতার মুখোশে কুখ্যাত মাদক কারবারি আরাফাত সানি এবং তার দুই সহযোগী। আরাফাত সানি টেকনাফ উপজেলা নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

