১৩ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের প্রতিবাদে উখিয়ায় উত্তাল মানববন্ধন

Ukhiyacox News
By -


নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা-ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে উখিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ—উখিয়া শাখা’র উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, যুব ও শিশু ফোরামের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিরীহ শিশুর প্রতি সংঘটিত এই বর্বরতা জাতির জন্য লজ্জাজনক। মূল অভিযুক্ত বাবুসহ জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকের কোনো সামাজিক পরিচয় নেই—সে কেবলই একজন অপরাধী, আর অপরাধীর শাস্তি নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আকতার হোসাইন, উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মাহমুদুল হক মাহমুদ, উখিয়া কলেজের ইংরেজি শিক্ষক ইসমাইল ফারুক মানিক, দৈনিক সময় বায়ান্ন পত্রিকার বার্তা সম্পাদক কামাল উদ্দিন জয়, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা নেতৃবৃন্দ তানজিম হাসান রিফাত ও জসিম উদ্দিন আবির, CHRDF-এর কো-অর্ডিনেটর রবিউল হাসান, উপজেলা যুব ফোরামের সভাপতি সাইফুল মাহমুদ এবং হাসিঘর ফাউন্ডেশনের সভাপতি পি. এম. মোবারকসহ অনেকে।

মানববন্ধনে “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”—এমন স্লোগানে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বক্তারা বলেন, ধর্ষণ নির্মূলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও সচেতনতার কোনো বিকল্প নেই।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !