নিজস্ব প্রতিবেদক :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সাংসদ ও জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তার মনোনয়ন দেওয়ার কারণ হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে শক্ত অবস্থান এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা উল্লেখ করা হয়েছে। ঘোষণার পর উখিয়া ও টেকনাফে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে; আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাহান চৌধুরী বলেন, “উখিয়া-টেকনাফের মানুষের ভালোবাসাই আমার শক্তি। জনগণের সমর্থন নিয়ে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চাই।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত নিরাপত্তা, পর্যটন ও মাদক নিয়ন্ত্রণসহ বিষয়গুলো আসনের নির্বাচনী প্রেক্ষাপটে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

