ডেস্ক :
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির আমির মামুনুল হক।
তিনি জানান, আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গণমিছিল অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করবে আট দল।
দাবিগুলর মধ্যে রয়েছে— জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, পৃথক গণভোটের আয়োজন এবং সংশোধত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখা।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টা শুধু আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ করতে পারেন না; তাঁকে রাজনৈতিক রেফারির ভূমিকা পালন করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।

