কক্সবাজারে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের অভিযান চলছে
By -
নভেম্বর ০৯, ২০২৫
কক্সবাজারে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতা–কর্মী আজ রোববার সকালে কলাতলী সড়কে ঝটিকা মিছিল করেছেন। সকাল সোয়া ৯টার দিকে হাঙর ভাস্কর্য মোড়ের কিছুটা দূরে জড়ো হয়ে তাঁরা ব্যানার হাতে মিছিল শুরু করেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০ থেকে ৬০ জন নেতা–কর্মী হঠাৎ মিছিল বের করে অল্প দূর অগ্রসর হওয়ার পর দ্রুত সটকে পড়েন। মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মিছিলে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে, তবে বেলা একটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সূত্র: প্রথম আলো

