উখিয়ার বালুখালীতে সংরক্ষিত বনে অবৈধ ২৫০ স্থাপনা উচ্ছেদ
By -
নভেম্বর ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় সংরক্ষিত সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২৫০টি অবৈধ দোকান ও বসতঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে পুরো এলাকাজুড়ে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাতসহ বন বিভাগের স্টাফরা।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করে তা রোহিঙ্গাদের ভাড়া দিত। এভাবে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। বিভিন্ন সময়ে অভিযান পরিচালিত হলেও দখলদারদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। পুনরায় বিষয়টি নজরে আসার পর প্রশাসন কঠোর ভূমিকায় নামতে বাধ্য হয়।
থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত বলেন, “সরকারি জমিতে কেউ অবৈধভাবে স্থাপনা তুলে ব্যবসা-বাণিজ্য চালাতে পারবে না। নিয়মিত তদারকি ও অভিযান চলমান থাকবে।”
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনের জমি ও সরকারি সম্পদ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী দৃঢ় বক্তব্য দিয়ে বলেন,
“সরকারি জমি দখল করে গড়ে ওঠা কোনো স্থাপনাই টিকবে না। জনগণের সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে আছে—প্রয়োজনে নিয়মিত অভিযান চলবে।”
অভিযানে সফলভাবে মরাগাছতলা এলাকা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

