সশস্ত্র বাহিনী বিভাগ ও বিআইআইএসএস-এর যৌথ সেমিনার: বাংলাদেশের নিরাপত্তা প্রেক্ষাপট আলোচ্য

Ukhiyacox News
By -


জাহেদ আলম, নিজস্ব প্রতিবেদক। 

সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) যৌথভাবে আয়োজিত ‘Regional Geopolitical Landscape: Impacts on the Security Dynamics of Bangladesh and Ways Forward’ শীর্ষক সেমিনার আজ বিআইআইএসএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি।

সেমিনারে কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক এ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ, বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারের প্রারম্ভিক বক্তব্য দেন বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইএনজি। বিশেষ অতিথি লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তার বক্তব্যে বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক জটিলতা এবং এর বহুমাত্রিক প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠেছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। জাতীয় নিরাপত্তা কৌশল স্পষ্ট করা, নীতিনির্ধারণে দূরদৃষ্টি রাখা ও প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা জরুরি।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, কোনো দেশ একা টিকে থাকতে পারে না; আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. আলী আশরাফ। প্যানেল আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক ড. সাহাব এনাম খান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। প্রাক্তন রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির মডারেটর হিসেবে সেশন পরিচালনা করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শফিউল মুজনিবীন, (ট্যাজ), পিএসসি, বিএসএফ।

সেমিনারে বক্তারা বাংলাদেশের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা করেন। দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারটি বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিনির্ধারণে দূরদর্শিতা বৃদ্ধি এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর জাতীয় কৌশল প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রতীয়মান।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !