সামিম হোসেন :
মিয়ানমারের চাউং উ টাউনশিপে ঐতিহ্যবাহী থাডিংগিয়ুত উৎসব চলাকালে মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এই তথ্য নিশ্চিত করেছে।
জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) জানায়, সোমবার সন্ধ্যায় বৌদ্ধদের এই জাতীয় উৎসবে শতাধিক মানুষ সমবেত ছিলেন। উৎসবস্থলে জান্তা সরকারের নীতির বিরোধিতায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছিল। ঠিক তখনই আকাশ থেকে দুটি বোমা নিক্ষেপ করা হয়।
বিস্ফোরণে উৎসবস্থলটি ধ্বংসস্তূপে পরিণত হয়; বহু মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বেসামরিক জনগণের ওপর জান্তা বাহিনীর প্যারাগ্লাইডার হামলা এক “উদ্বেগজনক নতুন প্রবণতা।”
উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যাতে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ডিসেম্বর মাসে দেশটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও পর্যবেক্ষকদের আশঙ্কা, তা অবাধ ও সুষ্ঠু হবে না।

