নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড়ে পরিচালিত রুদ্ধশ্বাস চিরুনী অভিযানে মানবপাচারকারীদের কবল থেকে ২২ জন ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাবের সূত্রে জানা গেছে, পাহাড়ি দুর্গম এলাকায় দীর্ঘ সময় ধরে মানবপাচারকারীরা অবৈধভাবে মানুষ আটক রেখে মুক্তিপণ আদায় ও পরবর্তীতে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি বিশেষ দল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযান চলাকালে মানবপাচারকারীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি পথে পালিয়ে যায়। উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছ থেকে পাচারকারীরা লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং টাকা না দিলে হত্যা বা নির্যাতনের হুমকি দিচ্ছিল।
র্যাব-১৫ এর অধিনায়ক জানান, এই অভিযানটি ছিল ঝুঁকিপূর্ণ ও রুদ্ধশ্বাসপূর্ণ। অন্ধকার পাহাড়ে দিকনির্দেশনা ছাড়া অভিযান পরিচালনা করতে গিয়ে সদস্যদের প্রাণনাশের আশঙ্কা ছিল। তবুও মানবিক বিবেচনায় অভিযান চালিয়ে সকল ভিকটিমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মানবপাচার চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।

