নিজস্ব প্রতিবেদন :
উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪)-এর মরদেহ। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
শনিবার বিকেল ৩টার দিকে ফরহাদ তার বাবার সঙ্গে শখ করে বড়শি দিয়ে রেজুখালে মাছ ধরতে গিয়েছিল। এ সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালালেও ব্যর্থ হন। পরে চট্টগ্রাম কন্ট্রোলের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা সকালে এসে মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করেন।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, “সাঁতার না জানা কেউ যেন খাল বা সাগরে নামে না। যে কোনো দুর্যোগে উখিয়া ফায়ার সার্ভিস সবসময় জনগণের পাশে রয়েছে।”
মরদেহ উদ্ধারের খবরে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সহপাঠী, আত্মীয়স্বজন ও স্থানীয়রা ফরহাদের অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন।

