নিজস্ব প্রতিবেদন :
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কক্সবাজারে এখনো পর্যন্ত কোনো সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি—এ নিয়ে দীর্ঘদিন ধরেই জেলার শিক্ষানুরাগীদের মধ্যে ক্ষোভ ও প্রত্যাশা কাজ করছে। এবার সেই দাবিকে আরও জোরালো করে তুলেছেন উখিয়াবাসী।
উখিয়াবাসীরা বলেন, কক্সবাজারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ঢাকা, চট্টগ্রামসহ দেশের দূরবর্তী শহরে যেতে হয়। এতে যেমন পরিবারগুলো অর্থনৈতিকভাবে চাপে পড়ে, তেমনি শিক্ষার্থীদের মানসিক ভোগান্তিও বাড়ে। তাই কক্সবাজারেই একটি পূর্ণাঙ্গ ‘কক্সবাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবি তোলেন তারা।
তাদের প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি এমন স্থানে হওয়া উচিত যাতে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সমানভাবে উপকৃত হয়। এজন্য তারা কক্সবাজার সদরেই বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। বিশেষভাবে উল্লেখ করা হয়—বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি এমনভাবে নির্মিত হোক যেন লিংকরোড থেকে কক্সবাজার সরকারি কলেজ পর্যন্ত মাঝামাঝি স্থানে প্রধান ফটক থাকে, আর পেছনের গেইট থাকে মেরিন ড্রাইভ রোডের সঙ্গে সংযুক্ত।
উখিয়াবাসীদের মতে, কক্সবাজার জেলা সদরের ভৌগোলিক অবস্থানই সবচেয়ে উপযুক্ত। কারণ জেলার ৯টি উপজেলার কেন্দ্রবিন্দু হলো সদর। ফলে এখানেই বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে প্রত্যেক উপজেলার শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে। তারা আরও বলেন, জেলার একপ্রান্তে—যেমন চকরিয়া বা রামুতে—বিশ্ববিদ্যালয় স্থাপন করলে অন্য প্রান্তের শিক্ষার্থীদের জন্য তা হবে ভোগান্তির কারণ।
উখিয়ার শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ একযোগে দাবি জানাচ্ছেন—“কক্সবাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সদরেই হোক, যেন সারাজেলার মানুষ এর সুফল ভোগ করতে পারে।”

