ডেস্ক -
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হবেন আগামী ডিসেম্বর মাসে। দলটির নেতৃত্ব কাঠামোর সর্বোচ্চ পদে এ নির্বাচনের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।
গঠনতন্ত্র অনুযায়ী, বিদায়ী কেন্দ্রীয় মজলিশে শূরা তিন সদস্যের একটি প্রার্থী প্যানেল তৈরি করে দেয়, যেখান থেকে দেশের ১ লাখেরও বেশি রুকন সদস্য গোপন ব্যালটে আমির নির্বাচন করবেন। তবে ইচ্ছা করলে প্যানেলের বাইরে থেকেও কাউকে ভোট দেওয়া যাবে।
বর্তমান আমির ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথম দায়িত্ব নেন এবং ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। তার মেয়াদ শেষ হচ্ছে চলতি ডিসেম্বরে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২৫ ডিসেম্বরের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। নতুন আমিরের নেতৃত্বে দলটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী, আমির নির্বাচিত হন রুকনদের সরাসরি ও গোপন ভোটে, এবং তার মেয়াদ হয় তিন বছর। নির্বাচিত আমির দলের অন্যান্য কেন্দ্রীয় পদে নেতাদের মনোনয়ন দেন শূরার পরামর্শক্রমে।

