নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করে বিজিবি।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা। আটক ব্যক্তির নাম উমর রাহিন আরফাত (২৬), তিনি চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকার বাসিন্দা। মাইক্রোবাসের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি সহযোগীদের নাম প্রকাশ করেছে। তাকে এবং উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।

