“রোহিঙ্গাদের পেছনে অর্থ নয়, সমাধানে বিনিয়োগ চাই: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা”

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিবেদন :

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান কঠোর ভাষায় বলেছেন, আগামী ৩–৪ বছরের মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে চায় না। এই অর্থ মিয়ানমারে খরচ করা উচিত, যেখানে রোহিঙ্গারা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত “বিশ্ব শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা: কী ভুল হয়েছে এবং কীভাবে এটি ঠিক করা যায়” শীর্ষক আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, রাখাইনে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, রোহিঙ্গারা নিজ গ্রামে ফিরে যেতে শুরু করেছে এবং স্থানীয় প্রশাসনে অংশ নিচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত আট বছরে রোহিঙ্গাদের পেছনে বিশ্ব পাঁচশ কোটি ডলারের বেশি ব্যয় করেছে, অথচ সমস্যার মূল সমাধানে রাজনৈতিক পদক্ষেপ নেয়া হয়নি। এতে প্রতিবছর ৩০ হাজার শিশু অন্ধকার ভবিষ্যৎ নিয়ে জন্ম নিচ্ছে।

ড. খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠানো সম্ভব নয়, তবে তারা ফিরতে চায়। তাই বিশ্বকে রাজনৈতিকভাবে বিনিয়োগ করতে হবে। আগামী সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ বিষয়ে জোরালো অবস্থান নেয়ার আহ্বান জানান।


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !