নিজস্ব প্রতিবেদন :
ফরিদপুরের কোতোয়ালি থানার ভাঙা রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে পেটে ইয়াবা বহনকারী এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম মো. এনায়েত উল্লাহ (উখিয়া, কক্সবাজার)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তল্লাশির সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
র্যাব জানায়, এক্সরে করে তার পেটের ভেতর থেকে ৪৪টি প্যাকেট উদ্ধার করা হয়, যাতে মোট ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা। র্যাবের দাবি, এনায়েত দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

