উখিয়ায় মিনি বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক

Ukhiyacox News
By -


 নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। একটি মিনি বাসের চেসিসে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজন চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উখিয়া থানার একটি বিশেষ টিম রাজাপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মহাসড়কে পায়রা বাস সার্ভিসের অধীনে চলাচলকারী তাহেরা এন্টারপ্রাইজ নামের একটি মিনি বাসে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে গাড়ির চেসিসে বিশেষভাবে লুকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই দুই মাদককারবারিকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—

১। মো. শফিকুর ইসলাম রুবেল, পিতা হাবিবুর রহমান, সাং-বালুখালী, ০১নং ওয়ার্ড, ০৫নং পালংখালী ইউপি।

২। মো. নুরুল হাকিম, পিতা মৃত শামসুল আলম, সাং-বালুখালী, ০১নং ওয়ার্ড, ০৫নং পালংখালী ইউপি।

দুজনই কক্সবাজারের উখিয়ার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গাড়ির চেসিসে এমন কৌশলে ইয়াবা লুকানো হয়েছিল যে সাধারণ তল্লাশিতে খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে পুলিশের সতর্ক নজরদারির কারণে এত বড় চালান উদ্ধার সম্ভব হয়েছে।” তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার-টেকনাফ মহাসড়ককে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করে আসছে চক্রগুলো। স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিভিন্ন কৌশলে মাদক পাচার হয়, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশের দাবি, নিয়মিত অভিযান অব্যাহত থাকায় ইয়াবা কারবারিদের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ছে।

এদিকে বড় ধরনের এই ইয়াবা চালান উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !