সেনার অভিযানে কর্ণফুলী টানেল এলাকায় ৩১ রোহিঙ্গা ধরা

Ukhiyacox News
By -

 


নিজস্ব প্রতিবেদন :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অনুপ্রবেশের চেষ্টা করা ৩১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ছাড়াও একাধিক অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দুধকুমরা এলাকায় কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়ার ভেতর অভিযান চালানো হয়। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনোয়ারা আর্মি ক্যাম্পের (৩৮ এডি রেজিমেন্ট) একটি টহল টিম দ্রুত অভিযানে নামে। ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ৩১ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন।

সেনা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ থাকলেও বাকিরা নারী ও শিশু। তারা দুই দিন আগে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের সহায়তায় পালিয়ে আসে। অভিযানে আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাতটি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। এর বিনিময়ে নৌকাযোগে তাদের ভাসানচর থেকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় পৌঁছে দেওয়া হয়।

তদন্তে আরও বেরিয়ে এসেছে, আটক রোহিঙ্গারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম শহর ও রাজধানী ঢাকায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে মিশে গিয়ে অচেনা পরিচয়ে বসবাস করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘমেয়াদে অবস্থান করা।

অভিযান শেষে সেনাবাহিনী আটক ৩১ জনকে কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটে অবস্থিত নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করে। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ইতোমধ্যে সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের আনোয়ারা এলাকা ভৌগোলিকভাবে সমুদ্রপথে প্রবেশযোগ্য হওয়ায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা এ অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করলেও দালাল চক্রের সহায়তায় অনুপ্রবেশের ঘটনাগুলো বেড়ে চলেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, অনুপ্রবেশ ঠেকাতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে। সূত্র জনকন্ঠ

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !