নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আবু তাহের (২৫) নামের এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কে এ অভিযান চালানো হয়।
আটক যুবক উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তাহেরের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে আমাদের টিম বিশেষ অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানসহ আবু তাহেরকে আটক করতে সক্ষম হয়েছে। আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন এবং ইয়াবা পাচারচক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।"
রামু থানা পুলিশের এ অভিযানে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

