নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার উপকূলে মিয়ানমার থেকে পণ্য বিনিময়ের আড়ালে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শাহপরী আউটপোস্টের নেতৃত্বে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় পরিচালিত অভিযানে পাচারকারীদের কাঠের বোট আটক করা হয়।
তল্লাশিতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার ও ৩৪০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। আটক আসামি, জব্দকৃত পণ্য ও নৌযান আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের অর্থনীতি ও সমাজ ধ্বংসের পাঁয়তারা ঠেকাতে চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

