(নিজস্ব প্রতিবেদন)
কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই এই বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ লক্ষ্যে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যেখানে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের ৮০ শতাংশ নির্মাণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, “প্রথম পর্যায়ে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্যে টিকিট দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজ সম্পন্ন হলে কক্সবাজার বিমানবন্দর দেশের অন্যতম আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে উঠবে, যা পর্যটন শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

