নিজস্ব প্রতিবেদন:
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আনোয়ার হোসেন ইউসুফ (সলিমুল্লাহর ছেলে) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, আনোয়ার দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা ও আর্মির গোয়েন্দা সংস্থা ASU-এর ভুয়া পরিচয় ব্যবহার করে রোহিঙ্গা পরিবারগুলোর সালিশ-বিচারের নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি ১০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ারও চেষ্টা করেন।
উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, “ভুয়া সেনা পরিচয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৫৯ দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং জানানো হয়েছে, কোনো ব্যক্তি সেনা কর্মকর্তা বা গোয়েন্দা পরিচয়ে সালিশ বা আর্থিক লেনদেন করলে তা সম্পূর্ণ প্রতারণা।

