কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় মারসা পরিবহনের যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর নোহা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে। নিহতদের মধ্যে নোহা চালক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ এবং এক শিশু রয়েছে।খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রমে বিলম্ব হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

