নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার-টেকনাফ উপকূলে মিয়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে যাওয়ার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকটি ফিশিং বোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল। আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় মাছ ধরতে গেলে আরাকান আর্মির হাতে আটক হওয়ার আশঙ্কা থাকায় আগে থেকেই কোস্ট গার্ড বিশেষ অভিযান চালায়।
অভিযানে আটক জেলে ও ফিশিং বোটগুলোকে নিরাপত্তার স্বার্থে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে। সীমান্তবর্তী জলসীমায় অবৈধ অনুপ্রবেশ রোধে জেলেদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে।

