নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সুইজারল্যান্ড পয়েন্টে মাছ ধরতে গিয়ে দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন কিশোর একসাথে সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ জোয়ারের তীব্র স্রোতে ভেসে যায় হাবিবুল আবছার (১৬) ও মোহাম্মদ সাঈম (১৫)। তারা দু’জনই মনখালী এলাকার বাসিন্দা এবং মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় আব্দুর রহমান জানান, “ছেলেগুলো মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ স্রোতে পড়ে দুইজন নিখোঁজ হয়। দ্রুত তাদের উদ্ধারে সবাই চেষ্টা চালাচ্ছে।”
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে এবং কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রকে উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

