কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মফিজুল হকের অবসর, শিক্ষক পরিষদের বিদায় সংবর্ধনা

Ukhiyacox News
By -
আর.জে রাফি, কক্সবাজার :: কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের পিআরএল-এ গমন উপলক্ষে শিক্ষক পরিষদের উদ্যোগে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৬) কলেজের শিক্ষক পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কলেজের শিক্ষকরা। অনুষ্ঠানে কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, প্রফেসর মোঃ সোলাইমান, প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুব্রত বরণ বড়ুয়া এবং চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মহসিন রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং শিক্ষা বিস্তারে অবদানের কথা তুলে ধরেন। একজন শিক্ষক ও প্রশাসক হিসেবে তাঁর কর্মনিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের শিক্ষাজীবন, কর্মজীবন, কর্মস্থল, অর্জন এবং বিভিন্ন স্মৃতিময় মুহূর্ত নিয়ে নির্মিত একটি বিশেষ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। ১৯৯৬ সালের ১০ আগস্ট সরকারি চাকরিতে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পর তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালের ৩০ ডিসেম্বর কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন তিনি। দীর্ঘ কর্মজীবন শেষে ১২ নভেম্বর ২০২৬ তারিখে তিনি পিআরএল-এ গমন করেন। বিদায় অনুষ্ঠানে বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করেন। একই সঙ্গে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !