উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি হেলেন

Ukhiyacox News
By -
রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক পরিস্থিতি এবং নারী-শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা এবং নারী ও শিশু সুরক্ষায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ১৮ নম্বর ক্যাম্পে একটি লার্নিং সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার খোঁজ নেন। পাশাপাশি নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। ডাচেস সোফির সফরকে কেন্দ্র করে ক্যাম্পের ভেতরে ও বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। দিনভর পরিদর্শন শেষে বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে ৯ থেকে ১১ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। এ সফরে নারী ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয় গুরুত্ব পাচ্ছে।

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !