পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী পারভেজ ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে, বিদ্যালয়ে সংবর্ধনা
By -
অক্টোবর ০৪, ২০২৬
আর.জে রাফি, উখিয়া ::
৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে গেজেটেড হওয়ায় পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি–২০১৩ ব্যাচের কৃতি শিক্ষার্থী মোঃ পারভেজ উদ্দিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব সোলতান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জনাব মহি উদ্দিন মুন্না ও জনাব কবির আহমদ, শিক্ষক প্রতিনিধি সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ নুর হোসেন।
সংবর্ধিত শিক্ষার্থী মোঃ পারভেজ উদ্দিন তাঁর বক্তব্যে বিদ্যালয়ে কাটানো ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর জীবনের ভিত্তি গড়ে দেওয়ার জন্য শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি সোলতান মাহমুদ চৌধুরী বলেন, “৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার মোঃ পারভেজ উদ্দিন আমাদের দেশের সম্পদ।” তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে পারভেজের মতো সফল হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন বলেন, পারভেজ ছাত্রজীবনে একজন পরিশ্রমী, মেধাবী ও শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী ছিলেন। তিনি পারভেজের জন্য দোয়া করে মহান আল্লাহর কাছে তাঁর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এমন গৌরবময় সাফল্য অর্জন করবে, তাদেরও সংবর্ধিত করার ঘোষণা দেন।
অনুষ্ঠানে এসএসসি–২০১৩ ব্যাচের বন্ধুদের মধ্যে তারেকুর রহমান ও শাহরিয়ার চৌধুরী তাসিন বক্তব্য রাখেন। তাঁরা পারভেজের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান এবং ছাত্রজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
মোঃ পারভেজ উদ্দিনের এই অর্জনে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবার গর্বিত। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবন কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

