৬০ হাজার ইয়াবা গায়েব এর ঘটনায় এএসআই ছৈয়দের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন : ডিআইজি চট্টগ্রাম
By -
অক্টোবর ২৬, ২০২৬
বিশেষ প্রতিবেদক ::
তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
তিনি বলেন, “দৈনিক দৈনন্দিন পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। পরে আমরা জেলা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্ব সহকারে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য একজন দক্ষ পুলিশ কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রামু থানার উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ হোসেনের বিরুদ্ধে একটি অভিযানে উদ্ধার হওয়া ৬০ হাজার ইয়াবা আত্মসাত করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় জব্দ করা সিএনজিটি অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও একাধিক তথ্যসূত্রে জানা যায়, গত ১ জুলাই বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সৈয়দ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল একটি সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সিএনজিতে থাকা কয়েকজন ইয়াবা কারবারী চাকমারকুল মৎস্যজীবী দল নেতা রাহমত উল্লাহর বাড়ির সামনে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সিএনজিটি আটক করে।
আটক করা সিএনজিটি তল্লাশির নামে ঐ স্থান থেকে খরুলিয়া নামক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তল্লাশি চালায় এবং সেখানে যোগানে থাকা আনুমানিক ছয় কার্টন বা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব ইয়াবা থানায় সরকারি জব্দ তালিকাভুক্ত না করে আত্মসাৎ করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মাদক কারবারীর কাছে বিক্রি করা হয়।
সূত্র জানা যায়, গভীর রাতে সিএনজিটি থানায় এনে ইয়াবার পরিবর্তে একটি ছুরি ও দুটি লাঠি উদ্ধারের কথা উল্লেখ করে থানায় নিয়ে আসা হয়। পরে সিএনজির মালিক গর্জনিয়া এলাকার করিম কোম্পানির সাথে যোগাযোগ করেন এএসআই ছৈয়দ হোছেন পরে করিম কোম্পানি থানায় আসলে বড় মামলা দেওয়ার ভয় দেখিয়ে ১লক্ষ টাকা দাবী করা হয়। পরে দুইজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ৬০হাজার টাকায় সিএনজিটি রাত ১টার সময় তড়িঘড়ি করে কৌশলে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন তথ্যদাতা দাবি করেন, অভিযানের আগে তিনিই এএসআই সৈয়দ হোসেনকে সুনির্দিষ্ট তথ্য দিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার একটি অংশ অথবা সমপরিমাণ অর্থ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছিল। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং তাকে তিন দফায় মোট ১৫ হাজার টাকা দেওয়া হয় বলে তিনি জানান।
তথ্যদাতার দাবি, প্রথম দফায় থানার পেছনের মসজিদের সামনে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় দফায় বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা এবং তৃতীয় দফায় চৌমুহনী স্টেশনে আরও ৫ হাজার টাকা দেওয়া হয়। এরপর বাকি অর্থের বিষয়ে যোগাযোগ করলে এএসআই সৈয়দ হোসেন বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন এবং একপর্যায়ে তার ফোন ধরা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।
তথ্যদাতা আরও দাবি করেন, এ সংক্রান্ত একাধিক কথোপকথনের ভয়েস রেকর্ডিং তার কাছে সংরক্ষিত রয়েছে। একটি অডিও মেসেজে বলতে শোনা যায়, "বিকাশে যা দিয়েছি আপাতত এগুলো দুইজনে ভাগ করে নাও, টাকা আসতেছে, পরে হিসাব করে বুঝিয়ে দেব।
তথ্য দাতারা আরো বলেন, এই ঘটনায় কোনো সময় তদন্ত হলে আমরা উপস্থিত থেকে স্বাক্ষী দেবো তদন্ত কমিটিকে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী দিদারুল আলম জানান, আমি বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলাম হঠাৎ একটি সিএনজিকে পুলিশ ধাওয়া করতেছে।পরে দেখি গাড়িটা পেলে ইয়াবা কারবারীরা দ্রুত পালিয়ে যায়, পরে পুলিশ ইয়াবা বহন করা গাড়িটা আটক করে। তখন গাড়িটা পুলিশ নিজেরা চালিয়ে ঘটনাস্থল থেকে খরুলিয়া নামক স্থানে নিয়ে গিয়ে তল্লাশি চালাই।
আরো জানায়, আটককৃত গাড়িতে ইয়াবা ছিল সেটা শত % সঠিক। তবে পুলিশ ইয়াবা আত্মসাৎ করার জন্য একটি কৌশল খাটান যে, একটি চুরি একটি লাঠি পাওয়ার কথা বলে সিএনজি গাড়িটি থানায় নিয়ে যায়।
আরেক বাসিন্দা সাইফুল ইসলাম দাবি করেন, ঘটনার দিন তিনি ডেইঙ্গাপাড়া রাস্তার মাথায় একটি চায়ের দোকানে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি একটি সিএনজিকে পুলিশের ধাওয়া করতে দেখেন। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন এবং সিএনজিটি অন্যত্র নিয়ে যান। পরবর্তীতে রাতের দিকে সেটি থানায় নেওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ডেইঙ্গাপাড়া এলাকার রাহমত উল্লাহর বাড়ির সামনে সিএনজিটি আটক করার পর কোন ব্যক্তিকে গাড়িটির কাছে যেতে দেওয়া হয়নি। এরপর সেটি খরুলিয়া এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তল্লাশি চালানো হয় বলে তাদের দাবি।
অন্যদিকে একাধিক সূত্রের দাবি, গত ২০ জুলাই পুলিশ সুপারের নির্দেশে এএসআই সৈয়দ হোসেনকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বর্তমানে তিনি সেখানেই কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের কতুকখালী গ্রামে বলে জানা যায়
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছে, রক্ষক যখন ভক্ষক! অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত এএসআই সৈয়দ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে অভিযানের বিষয়ে অস্বীকার করেন। পরে স্বীকার করে বলেন ওই দিন তিনি একটি অভিযান পরিচালনা করেছিলেন, তবে কোনো ইয়াবা উদ্ধার হয়নি। পরে বলেন বর্তমানে তিনি কুমিল্লা জেলায় বদলী হয়েছেন। তথ্যদাতাকে ১৫ হাজার টাকা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কোন ব্যাখ্যা দিতে পারেননি। এছাড়া সিএনজি অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। কুমিল্লা কোন ইউনিটে কর্মরত রয়েছে জানতে চাইলে ডিএসবিতে আছে বলে মোবাইলের লাইন কেটে দেন।

