৬নং জোয়ারিয়া নালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা ইঞ্জি. মোঃ খায়রুল শামীমের, করতে চান সমাজপরিবর্তন
By -
অক্টোবর ১৯, ২০২৬
রিদুয়ান করিম শাহিন ::
কক্সবাজারের ৬নং জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুল শামীম (বিএসসি)। গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। পাশাপাশি একটি আধুনিক, মডেল ও স্মার্ট ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে ইঞ্জি. মোহাম্মদ খায়রুল শামীম বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ৬নং জোয়ারিয়া নালা ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মানুষের প্রত্যাশা পূরণ এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ইউনিয়নকে মাদকমুক্ত করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নির্বাচিত হলে ক্রীড়াপ্রেমীদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় দল গঠন করে পুরো ইউনিয়নে ক্রীড়াঙ্গনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
নিজের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, আমি সারাজীবন গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে জোয়ারিয়া নালা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।
(পারিবারিক পরিচিতি)
ইঞ্জি. মোহাম্মদ খায়রুল শামীম বৃহত্তর জোয়ারিয়া নালা ইউনিয়ন বোর্ডের সাবেক প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব আমিন উল্লাহ সিকদারের পৌত্র। তিনি জোয়ারিয়া নালা বড় মাদ্রাসার সাবেক পরিচালক ও পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মাওলানা নুর আহমদের দৌহিত্র এবং আলহাজ্ব মাওলানা সিরাজুল হক সিকদারের সন্তান।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

